জমি দখল নিয়ে সংঘর্ষে গুরুতর জখম চার - The News Lion

জমি দখল নিয়ে সংঘর্ষে গুরুতর জখম চার




দি নিউজ লায়ন ;  বাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর জখম হলেন চারজন। আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী সামুনডাই পাড়া এলাকায়। এই ঘটনায় হামলাকারী প্রতিবেশী চারজনের বিরুদ্ধে আক্রান্তের পরিবার পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের পাল্টা বক্তব্য , জোর করে তাদের জায়গা দখল করেছে একটি পরিবার। সেই নিয়ে গোলমাল হয়েছে। তবে কাউকে মারধর করা হয় নি। দুই পরিবারের গন্ডগোল ও হামলার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামুনডাই কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন অশোক চক্রবর্তী সহ তার পরিবার। কিন্তু সেই জায়গাটি প্রতিবেশী কৃষ্ণ চক্রবর্তী নিজের বলে দাবি করে আসছে। এনিয়ে গত কয়েক বছর ধরে আদালতে মামলাও চলছে। আর এরই মধ্যে বৃদ্ধ অশোক চক্রবর্তী ও তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠে প্রতিবেশী কৃষ্ণ চক্রবর্তী ও তার ছেলে অংশ চক্রবর্তীর বিরুদ্ধে। 


রবিবার রাতে অশোক চক্রবর্তীর বাড়িতে গিয়ে অভিযুক্তরা হামলা চালায় এবং তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় বৃদ্ধ অশোক চক্রবর্তীর এক ছেলে গোপাল চক্রবর্তী (২৬) গুরুতর জখম হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আক্রান্ত অশোকবাবুর এক ছেলে পাপাই চক্রবর্তী বলেন, পৈত্রিক সম্পত্তি সূত্রে তাঁরা এই জায়গার অধিকারী হয়েছেন। দীর্ঘদিন ধরে মামলার পরে আদালত এই রায় দিয়েছে। যারা গোলমাল করছে তারা সম্পর্কে কাকা ও ভাইপো। কিন্তু তারা আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা রকমভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। 


রবিবার রাতে অংশু চক্রবর্তী এবং তার বাবা কৃষ্ণ চক্রবর্তী দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় ও বাড়ি ভাঙচুর করে। এমনকি আমাদের প্রাণে মারার চেষ্টা করে। প্রতিবেশীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর হামলাকারী চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পরিবারের এক সদস্য টুম্পা চক্রবর্তী বলেন, ওই জায়গাটি তাদের।


 জোর করে অশোক চক্রবর্তী তাঁর পরিবার নিয়ে ওই জায়গায় আছে। কিন্তু আমরা বারবার বলেছি তাদেরকে সরে যাওয়ার জন্য। তারা এখন জায়গা থেকে সরছে না। তবে আমাদের পরিবারের পক্ষ থেকে কেউ হামলা করে নি। ওরা মিথ্যা অভিযোগ করছে। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে। হামলার ঘটনার পর অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.